
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন একটি জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা ও অংশবিশেষ ধসে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের একটি কক্ষে শিক্ষার্থীরা যখন একটি মেধা বৃত্তিপরীক্ষায় অংশ নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ বিকট শব্দে ছাদের একাংশ ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ছাদটি সরাসরি শিক্ষার্থীদের বসার জায়গার আশেপাশে পড়লেও অত্যন্ত অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি বা গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছে তারা।
ঘটনার পরপরই পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে ওই কক্ষের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়। দীর্ঘদিন ধরে ভবনটি নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই সেখানে পাঠদান ও পরীক্ষা চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।
এই ঘটনার পর অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের জন্য অনুরোধ জানান।
এদিকে পরীক্ষা চলাকালীন সময় কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু ও সদস্য সচিব সাইফুর রহমান পরিদর্শন করতে গেলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়ন্ত মালাকার বিষয়টি তাদেরকে জানালে তাৎখনিক মুঠোফোনের মাধ্যমে বিষয়টি মৌলভীবাজার(২)কুলাউড়া আসনের সাংসদ আলহাজ্ব শওকতুল ইসলাম (শকু) এমপিকে অবগত করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একটি নতুন ভবন ছেয়ে প্রস্তাব করেন।
এদিকে এ বিদ্যালয়টিতে এবারের এসএসসি পরীক্ষার সেন্টার হওয়াতে চরম আতঙ্ক বিরাজ করছে অবিভাবক মহলে।
সে সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং পরীক্ষার আয়োজক কমিটির সদস্য ও বরমচাল ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক তুয়েল আহমদ রাসেল সহ অন্যান্য নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেল।
মন্তব্য করুন