
গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের মিশনমোড়ে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে আটক করে।
সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের প্রাণকেন্দ্র ব্যস্ততম মিশনমোড় গোলচত্বর এলাকায় পুলিশ এই অভিযান পরিচালনা করে।
আটককৃত মো. রাকু মিয়া (৩০) (ট্রাক চালক) সদর উপজেলার ফুলগাছ এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে ও সহকারী মো. লুৎফর মিয়া (২৮) দুরাকুটি এলাকার মৃত মনছুর আলীর ছেলে।
পুলিশ জানায়, জেলার সীমান্তবর্তী মোগলহাট এলাকা থেকে এলপিজি ওরিয়ন গ্যাসের ফাঁকা সিলিন্ডারবাহী ট্রাকে করে মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও স্থানীয় ট্রাফিক সার্জেন্ট রাহুল চক্রবর্তীর নেতৃত্বে মিশনমোড় গোলচত্বরে বিশেষ চেকপোস্ট বসানো হয়। বিকেল ৫টার দিকে সিলিন্ডারবাহী ট্রাকটি মিশনমোড় এলাকায় পৌছালে পুলিশ ট্রাকটিকে থামানোর সংকেত দেয়। পরে ট্রাকটির কেবিনে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার এস আই নূরল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ট্রাকের কেবিন থেকে গাঁজার প্যাকেট (চার কেজি) উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
মন্তব্য করুন