
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষ যেনো সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হন—এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শনিবার (সকাল ১১টা) দেবিদ্বার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার ১৫টি ইউনিয়নের সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ হলো সাধারণ মানুষের সবচেয়ে কাছের সরকারি সেবা কেন্দ্র। তাই এখানে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন খারাপ আচরণ বা অবহেলার শিকার না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে নারীরা অনেক সময় অভিযোগ করে থাকেন, ইউনিয়ন পরিষদে গেলে তাদের সঙ্গে যথাযথভাবে কথা বলা হয়না বা অপ্রত্যাশিত আচরণের মুখোমুখি হতে হয়। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, মানুষ প্রতিদিন ইউনিয়ন পরিষদে আসেনা। সাধারণত কোনো প্রয়োজন বা সমস্যার কারণে তারা পরিষদে ছুটে যায়। তাই যারা সেবা নিতে যাবে, তাদের সঙ্গে আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে আচরণ করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
প্রবাসীদের বিষয় উল্লেখ করে তিনি বলেন, দেবিদ্বার এলাকার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান। তাদের অধিকাংশই নিম্ন আয়ের পরিবারের সদস্য। বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাদের ইউনিয়ন পরিষদে যেতে হয়। তখন যদি তারা হয়রানি বা দুর্ভোগের শিকার হয়, তবে তা তাদের মনে দীর্ঘদিন ক্ষোভের জন্ম নেয়। তাই এ ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ভূমি অফিস ও তহসিল অফিস নিয়ে জনগণের বিভিন্ন অভিযোগের কথাও তুলে ধরেন। তিনি আরো বলেন, এসব দপ্তরের কার্যক্রম নিয়েও মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো চেয়ারম্যান বা সদস্য যদি নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করতে চাপ দেন, তাহলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে হবে।
তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় কিছু নাগরিক নিজেদের প্রয়োজনে জন্মনিবন্ধনের বয়স পরিবর্তনের জন্য অনৈতিক প্রস্তাব দেন বা অর্থের প্রলোভন দেখান। এ ধরনের অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মতবিনিময় সভায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন