গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টা ১০ মিনিটে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) থেকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়।
সূত্র জানায়, আইসিটি বিডি কেস নং ০৫/২০২৫-এর আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানির অংশ হিসেবে তাদের হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ।
আদালতে হাজির হওয়া তিন সেনা কর্মকর্তা হলেন: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
এদিকে, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
উল্লেখ্য, গুম ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগে দায়ের করা এ মামলাটি বর্তমানে দেশের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
মন্তব্য করুন