
রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় অসুস্থ বাবার ব্যবসা পরিচালনা করার সময় পুলিশি অভিযান চলাকালীন লাঠির আঘাতে এক কলেজছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আহত ছাত্র মো. রবিউল (১৮) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার পিতার নাম লিটন, বাসা শাহবাগ এলাকায়।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
ঘটনার সময় রবিউল তার অসুস্থ বাবার পরিবর্তে ফুটপাতে ব্যাগের ব্যবসা পরিচালনা করছিলেন। ওই সময় এলাকায় যানজট নিরসনে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) রাশেদের নেতৃত্বে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে লাঠির আঘাতে রবিউল আহত হন।
পরে তাকে ঘটনাস্থলের পুলিশ বক্সে রাখা হয়। এরপর নিউমার্কেট থানার নিয়মিত টহল দলের সদস্যরা রাত ১২টা ১০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১টা ৫ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
মন্তব্য করুন