
দেশের আটটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। সম্ভাব্য দুর্যোগের কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রযোজ্য পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়।
পূর্বাভাস অনুযায়ী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় উল্লেখিত অঞ্চলগুলোর নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন