
নওগাঁর মান্দায় আয়েশা নামের মাত্র ৪৫ দিন বয়সী এক কন্যাসন্তানকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। পরিবারের লোকজনের অজান্তে কে বা কাহারা শিশুটির ওপর এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
আহত শিশু আয়েশা ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশু আয়েশাকে বাড়ির ভেতর দোলনায় ঘুমন্ত অবস্থায় রেখে তার মা পারিবারিক প্রয়োজনে এক প্রতিবেশীর বাড়িতে যান। কিছুক্ষণ পর দূর থেকে বাচ্চার তীব্র কান্নাকাটির শব্দ শুনে মা দ্রুত বাড়িতে ছুটে আসেন। দোলনা থেকে শিশুকে কোলে তুলে নিতেই তিনি বাচ্চার শারীরিক অবস্থা বেগতিক দেখতে পান।
এ সময় শিশুটির মুখ থেকে বিষের তীব্র গন্ধ বের হচ্ছিল এবং মুখ দিয়ে ফেনা (ফেঁপড়া) উঠছিল। বাচ্চার এই অবস্থা দেখে মা চিৎকার শুরু করলে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। বর্তমানে শিশুটি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, “এ ধরনের কোনো ঘটনার খবর এখনো থানায় আসেনি বা কেউ জানায়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন