
ঢাকা: বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)-এর গুলশান কার্যালয়ে বিটিএমএ’র নেতৃবৃন্দ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের মধ্যে শ্রম অধিকার, টেকসই সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিটিএমএ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সাবেক সহ-সভাপতি হোসেন মেহমুদ। সভায় বিটিএমএ’র সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে এ শিল্পের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রধান ব্যাকওয়ার্ড লিংকেজ খাত হিসেবে টেক্সটাইল শিল্প দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, টেকসই শিল্পায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে বিটিএমএ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
সভায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে বেসরকারি খাতের কার্যকর অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনাকালে মার্কিন প্রতিনিধিদল বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় শ্রম অধিকার সুরক্ষা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমমান অনুসরণ এবং সরবরাহ শৃঙ্খলে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া শ্রম আইন ও শ্রমনীতি সংশ্লিষ্ট চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বিটিএমএ’র পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্প আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর মৌলিক নীতিমালা এবং জাতীয় শ্রম আইন অনুসরণ করে শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রেখে আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার, শিল্পমালিক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং টেকসই ও দায়িত্বশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
মন্তব্য করুন