
বয়সের ভারে ন্যুব্জ ৭০ বছরের আব্দুল জব্বার মন্ডল। অভাব-অনটনে অনাহার-অর্ধাহারে দিন কাটছিল তার পরিবারের। অসহায় এই পরিবারের দুর্দশার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
আব্দুল জব্বার মন্ডল শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে নানা সংকটের সঙ্গে লড়াই করে আসছিল তার পরিবার। এমনকি প্রতিদিনের খাবার জোগাড় করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউএনও সাইদুজ্জামান হিমুর উদ্যোগে পরিবারটির হাতে দুই প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডালসহ মোট ১৪ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য রয়েছে। এসব খাদ্যসামগ্রী দিয়ে পরিবারটি প্রায় দুই মাস নির্বিঘ্নে চলতে পারবে বলে জানা গেছে।
জানা যায়, স্থানীয় সাংবাদিক আইয়ুব আলীর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে দেওয়া একটি পোস্টের মাধ্যমে আব্দুল জব্বারের পরিবারের অসহায়ত্বের বিষয়টি ইউএনও সাইদুজ্জামান হিমুর নজরে আসে। বিষয়টি জানার পর তিনি দ্রুত পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। পরে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কারণে সাইদুজ্জামান হিমু ইতোমধ্যে ‘মানবিক ইউএনও’ হিসেবে পরিচিতি পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অসহায় মানুষের দুর্দশার খবর নজরে এলে তিনি তা যাচাই করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন।
আব্দুল জব্বারের পরিবারের পাশে দাঁড়ানোর ঘটনায় স্থানীয়দের মধ্যেও প্রশংসা দেখা গেছে। তাদের মতে, প্রশাসনের একজন কর্মকর্তা এভাবে সরাসরি অসহায় মানুষের পাশে দাঁড়ালে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা আরও বাড়ে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষও অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসতে উৎসাহিত হন।
স্থানীয়রা বলেন, সরকারি দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের পাশে দাঁড়ানো একজন কর্মকর্তার বড় গুণ। ইউএনও সাইদুজ্জামান হিমুর এমন উদ্যোগ শেরপুরে মানবিক প্রশাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য, বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে শেরপুর উপজেলার সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু।
মন্তব্য করুন