
রাজধানীর মিরপুর-২-এ অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে পাঁচ দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন ২০২৩ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের প্রার্থীরা।
আজ সকাল ১০টা ৩৫ মিনিটে প্রার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে প্রার্থীদের পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—মহামান্য আপিল বিভাগের রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা, ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগের ফলাফল দ্রুত প্রকাশ করা, ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগসংক্রান্ত বিষয়টি যথাযথভাবে বাস্তবায়ন করা, দীর্ঘদিনের নিয়োগ অনিশ্চয়তা দূর করে প্রার্থী ও তাঁদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নিয়োগসংক্রান্ত জটিলতা নিরসনের আহ্বান জানান।
মন্তব্য করুন