
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির বরাতে জানা গেছে, স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।
এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি মহড়াস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।
বিশেষ এই যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (SWADS) এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগেরও বেশি সময় ধরে স্বর্ণদ্বীপে বিভিন্ন সামরিক প্রশিক্ষণ ও যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়ে আসছে। তবে প্যারা কমান্ডো ব্রিগেড, SWADS এবং ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে এ ধরনের বিশেষ যৌথ মহড়া এবারই প্রথম।
মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন