
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের সুযোগ বাড়াতে রাজধানীসহ দেশের তিন শহরে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বিআরটিসি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেল থেকেই যাত্রী পাওয়া সাপেক্ষে কয়েকটি বাস চলাচল শুরু করবে। তবে নিয়মিতভাবে নারী যাত্রীদের জন্য এই বিশেষ সার্ভিস বুধবার থেকে চালু হওয়ার কথা রয়েছে।
প্রাথমিক পর্যায়ে ঢাকার বিভিন্ন রুটে ১০টি বাস চলাচল করবে। এর বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে মোট চারটি বাস দেওয়া হয়েছে। যাত্রী চাহিদা বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
ঢাকায় যেসব রুটে চলবে
মতিঝিল ডিপোর আওতায় দুটি রুটে বাস চলবে। একটি নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল। এই রুটে কোকাকোলা, নতুন বাজার, বাড্ডার বিভিন্ন এলাকা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।
অন্য রুটটি তালতলা-মতিঝিল। তালতলা থেকে খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে পৌঁছাবে বাস।
যাত্রাবাড়ী ডিপোর বাস চলবে ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে। এতে ডেমরা, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাতায়াত করা যাবে।
কল্যাণপুর ডিপোর আওতায় থাকবে মিরপুর-১০ থেকে মতিঝিল রুট। মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে বাসটি মতিঝিলে যাবে।
মিরপুর ডিপোর অধীনে দুটি রুট রাখা হয়েছে। একটি মিরপুর-মতিঝিল এবং অন্যটি মিরপুর-১২-মতিঝিল। এসব রুটে মিরপুরের বিভিন্ন এলাকা, ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তানসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলাচল করবে।
এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও বিশেষ বাস থাকবে। চাষাড়া থেকে শুরু করে শিমরাইল, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে বাস।
মোহাম্মদপুর-মতিঝিল রুটের বাসটি মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন হয়ে মতিঝিলে চলাচল করবে।
জোয়ারসাহারা ডিপোর বাস চলবে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে। আব্দুল্লাহপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব ও গুলিস্তান হয়ে বাসটি মতিঝিলে যাবে।
অন্যদিকে গাজীপুর-বিমানবন্দর রুটেও নারী যাত্রীদের জন্য বাস রাখা হয়েছে। গাজীপুর থেকে শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড ও আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলবে এই সার্ভিস।
বগুড়া ও চট্টগ্রামেও সার্ভিস
ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস চালু করা হয়েছে। চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে চলবে আরও দুটি বাস।
চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, আগ্রাবাদ, বারেক বিল্ডিং ও কাটগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।
নারীদের গণপরিবহন ব্যবস্থায় নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি নিয়মিত যাতায়াতে বিশেষ সুবিধা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন