
বিসিএস, শিক্ষক নিবন্ধন ও প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রস্তুতির সুযোগ বাড়াতে বগুড়ার ধুনট উপজেলা পাবলিক লাইব্রেরিতে গুরুত্বপূর্ণ বই উপহার দিয়েছে ওরাকল পাবলিকেশন্স। ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র উদ্যোগ ও ওরাকল পাবলিকেশন্সের সহযোগিতায় এসব বই লাইব্রেরিতে যুক্ত হয়েছে। এতে স্থানীয় চাকরিপ্রত্যাশীদের জ্ঞানচর্চা ও পরীক্ষার প্রস্তুতিতে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৯ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে বইগুলো লাইব্রেরি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোনাজ্জেমুল ইসলাম সুমন। ওরাকল পাবলিকেশন্সের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হাকিমুজ্জামান পরাগ। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ফজলে রাব্বী, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী মুফতি আশেকে এলাহী শিবলী এবং আল আমিন।
উপহার হিসেবে দেওয়া বইয়ের মধ্যে রয়েছে বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতিমূলক বই, বিভিন্ন বিষয়ভিত্তিক সহায়ক গ্রন্থ, শিক্ষক নিবন্ধন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বই। এসব বই লাইব্রেরিতে অধ্যয়নরত চাকরিপ্রত্যাশীদের প্রস্তুতিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লাইব্রেরির দেখভালের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী ফজলে রাব্বী বলেন, প্রতিদিন বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা লাইব্রেরিতে পড়তে আসেন। তাঁদের অনেকেই বিসিএস ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য ভালো মানের বই খুঁজতেন। নতুন বইগুলো তাঁদের প্রস্তুতিকে আরও সহজ ও সমৃদ্ধ করবে। এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি, এসব বইয়ের মাধ্যমে এলাকার অনেক তরুণ সফলতার পথে এগিয়ে যাবেন।
‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র সভাপতি প্রকৌশলী আঁখিনূর জামান বকুল বলেন, ধুনটের মানুষের কল্যাণে তাঁদের সংগঠন সব সময় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতিতে সহায়তা করতে এ ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। পাশে দাঁড়ানোর জন্য ওরাকল পাবলিকেশন্সকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, বইগুলো এলাকার শিক্ষিত তরুণদের স্বপ্ন পূরণে সহায়ক হবে।
তিনি আরও বলেন, ধুনট উপজেলা পাবলিক লাইব্রেরিকে সব বয়সী ও শ্রেণি-পেশার মানুষের জ্ঞানচর্চার একটি আদর্শ পাঠাগার হিসেবে গড়ে তুলতে তাঁরা কাজ করছেন। উপজেলা প্রশাসনের অনুমতি ও সহযোগিতায় প্রয়োজনীয় আসবাবপত্র সংযোজন এবং অবকাঠামো সংস্কারের কাজ শিগগিরই শুরু করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৪ সালে ধুনট পাবলিক লাইব্রেরি পুনরায় চালু হয়। বর্তমানে সেখানে নিয়মিত বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা পড়াশোনা করছেন।
মন্তব্য করুন