
বগুড়ার ধুনট উপজেলায় স্থানীয় জনতার হাতে আটক এক যুবকের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউনুস আলী ভোলা (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে তাঁকে বগুড়ার আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ইউনুস আলী ভোলা ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গোদাগাড়ীপাড়া গ্রামের ভলু মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ধুনট থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম খবর পান, নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী কাতলাহার বাজারসংলগ্ন একটি মুদিদোকানের সামনে স্থানীয় লোকজন এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করে রেখেছেন।
খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে হেফাজতে নেয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি চালিয়ে লুঙ্গির ভাঁজে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় এক গ্রাম।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয়। উদ্ধার হওয়া আলামতের একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস আলী ভোলা বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ধুনট থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, স্থানীয় জনতা আটকের সময় ওই যুবক সামান্য আহত হন। পরে তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সরবরাহকারী চক্র এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন