
বাংলাদেশ স্কাউটসের কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও মানসম্মত করতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন করেছেন বাংলাদেশ স্কাউটসের জেলা ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলার জেলা কমিশনার মো. জাকারিয়া, জেলা সম্পাদক আশরাফুল হক, কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের উপ-পরিচালক এ কে এম আশিকুজ্জামান এবং জেলা স্কাউট লিডার আব্দুর রহিম।
পরিদর্শনকালে প্রতিনিধিদল উপজেলার খলিশাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিফায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয় এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট ইউনিটের বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় ইউনিট পরিচালনা, সদস্যদের প্রশিক্ষণ, রেজিস্টার সংরক্ষণ, কুচকাওয়াজ, শৃঙ্খলা এবং সামাজিক ও সেবামূলক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয়।
পরিদর্শন শেষে কর্মকর্তারা বলেন, বর্তমান প্রজন্মকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ও মানসম্মত স্কাউট কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় তারা সংশ্লিষ্ট স্কাউট ইউনিটগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও উন্নত ও যুগোপযোগী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে দুটি করে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া।
দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা স্কাউটস কমিশনার শাহরিয়ার জাহান, উপজেলা স্কাউটস সম্পাদক আবুল কালাম আজাদ, সহকারী লিডার ট্রেইনার (এএলটি) বকুল হোসেন, উপজেলা স্কাউট লিডার ও উডব্যাজার মিজানুর রহমান, উডব্যাজার মশিউর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্কাউট লিডার, শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।
স্কাউট নেতাদের মতে, শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা, সমাজসেবা ও পরিবেশ সচেতনতার বিকাশে এ ধরনের নিয়মিত পরিদর্শন এবং দিকনির্দেশনামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন