উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

Share this news with

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। সম্মেলনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, শিক্ষা ও মাতৃভাষা সংরক্ষণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কর্মসংস্থান, নারী ও যুবকদের দক্ষতা উন্নয়ন এবং যোগাযোগ ও ডিজিটাল সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। এতে আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক নেতা, নারী ও যুব প্রতিনিধিসহ বিভিন্ন পাড়া থেকে আসা প্রায় ১ হাজার ২০০ ম্রো সদস্য অংশ নেন।

শান্তি প্রতিষ্ঠায় ম্রো জনগোষ্ঠীর ভূমিকার প্রশংসা

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম শান্তি প্রতিষ্ঠায় ম্রো জনগোষ্ঠীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ২০১৫ সালে কুরুকপাতায় ম্রো ন্যাশনাল পার্টির ৭৯ সদস্য অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ম্রো সোশ্যাল কাউন্সিলের উদ্যোগ ও মধ্যস্থতায় এবং সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ওই প্রক্রিয়া সম্পন্ন হয়।

তিনি বলেন, ম্রো নেতৃত্ব, স্থানীয় জনগণের সহযোগিতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে পারস্পরিক আস্থার মাধ্যমে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন তিনটি একই সুতোয় গাঁথা”—বলেন তিনি।

আলীকদমে ম্রো, মারমা, ত্রিপুরা ও বাঙালিসহ বিভিন্ন জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান এ অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষা ও মাতৃভাষায় গুরুত্ব

দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানোকে দীর্ঘমেয়াদি উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন রিজিয়ন কমান্ডার। তিনি জানান, আলীকদম ম্রো কমপ্লেক্সের মাধ্যমে দুর্গম এলাকার শিশুদের আবাসিকভাবে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে।

এ ছাড়া আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ম্রো, মারমা ও ত্রিপুরা ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম এলাকায় শিক্ষার সুযোগ বাড়াতে পাহাড়ভাঙ্গা সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয় ও ক্রাঞ্চিপাড়া সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন তিনি।

নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের সঙ্গে আধুনিক শিক্ষার কোনো বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, শিক্ষিত ও দক্ষ প্রজন্মই নিজস্ব সংস্কৃতিকে আরও শক্তিশালীভাবে ধারণ করতে পারে।

যুব ও নারীদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ

ম্রো যুবকদের আত্মনির্ভরশীল করতে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান রিজিয়ন কমান্ডার। ভবিষ্যতে মোবাইল সার্ভিসিংসহ আরও কর্মমুখী প্রশিক্ষণ চালুর উদ্যোগ রয়েছে বলেও জানান তিনি।

পাশাপাশি স্থানীয় কৃষি, ফলদ ও বনজ সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে আয়বর্ধক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নারীদের উন্নয়ন ছাড়া সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, নার্সিং, প্রাথমিক চিকিৎসা ও মিডওয়াইফারি বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও যুবকদের স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির উদ্যোগ

দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়। হাম, রুবেলাসহ বিভিন্ন রোগের টিকাদান কর্মসূচিতেও সহযোগিতা করা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া নিরাপদ পানির সংকট কমাতে প্রাথমিকভাবে পাঁচটি পাড়ায় পানি পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য পাড়াতেও এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

যোগাযোগ ও ডিজিটাল সংযোগ বাড়ানোর পরিকল্পনা

দুর্গম এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন রিজিয়ন কমান্ডার।

স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ করতে নৌযান ও চাঁদের গাড়ির স্বল্পমূল্যের পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান তিনি। কুরুকপাতার যোগাযোগব্যবস্থা উন্নয়নে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মেন্দনপাড়া-বলাইপাড়া হয়ে প্রায় ১৭ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

এ ছাড়া ডিজিটাল সংযোগ বাড়াতে কুরুকপাতা ইউনিয়নে পাঁচটি মোবাইল টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সীমান্তে অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে আহ্বান

মিয়ানমার সীমান্তের কাছে হওয়ায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের ঝুঁকির কথা উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান রিজিয়ন কমান্ডার।

তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কাউকে সহযোগিতা করা যাবে না। সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে নিকটস্থ সেনা বা বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানান তিনি।

এ সময় অবৈধভাবে কাঠ ও বালু উত্তোলন, গরু চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

ম্রো প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়

সম্মেলনে বিভিন্ন পাড়া থেকে আসা ম্রো প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রতিনিধিরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, কর্মসংস্থান, কৃষি, নিরাপদ পানি, মাতৃভাষা ও সংস্কৃতি সংরক্ষণসহ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

রিজিয়ন কমান্ডার তাঁদের বক্তব্য শোনেন এবং বাস্তবসম্মত বিষয়গুলো সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, নিরাপত্তা ও উন্নয়ন শুধু নিরাপত্তা বাহিনী বা প্রশাসনের দায়িত্ব নয়; এতে জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।

শান্তি থেকে উন্নয়নের পথে কুরুকপাতা

রিজিয়ন কমান্ডার বলেন, ২০১৫ সালে কুরুকপাতায় যে শান্তির দৃষ্টান্ত তৈরি হয়েছিল, শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান ও উন্নয়নের মাধ্যমে সেই ধারাকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি জানান, বান্দরবান রিজিয়ন ও আলীকদম সেনাজোন জনগণের নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও যোগাযোগসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখবে।

বিপুল সংখ্যক ম্রো জনগোষ্ঠীর অংশগ্রহণে সম্মেলনটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। আয়োজকদের দাবি, অংশগ্রহণের দিক থেকে এটি সাম্প্রতিক সময়ে আলীকদমে অনুষ্ঠিত অন্যতম বড় ম্রো সম্মেলন। সম্মেলনে অংশ নেওয়া ম্রো প্রতিনিধিরা এ ধরনের মতবিনিময় ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০