
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় জাদুঘরের সামনে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, জাতীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিনের বিরুদ্ধে দুর্নীতি এবং বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে দায়িত্ব পালনের অভিযোগ তুলে তাঁদের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্প নিয়েও বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল লতিফ মিয়া, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক পারভেজ আকন ও মো. শরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
কর্মসূচি থেকে বক্তারা তাঁদের উত্থাপিত অভিযোগের তদন্ত, সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান।
মন্তব্য করুন