
চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত অনুশীলনের সময় এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত হন। একই ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আহত কর্মকর্তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন