
রাজধানীর সোনারগাঁ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আলমগীর (৩২) নামে এক কারখানা শ্রমিক আহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সোনারগাঁ এন্টারপ্রাইজ কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আহত আলমগীর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুলাল মিয়ার ছেলে। তিনি সোনারগাঁয়ের নয়াবাড়ি কাচপুর এলাকায় বসবাস করে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
জানা গেছে, সকালে নিজ কর্মস্থলে যাওয়ার সময় কারখানার সামনে ছিনতাইকারীর হামলার শিকার হন আলমগীর। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে তার বাবা দুলাল মিয়া তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মন্তব্য করুন