
কুষ্টিয়ায় আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশব্যাপী লংমার্চ কর্মসূচির সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলেছেন দলটির নেতারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, গণভোটের গণরায় কার্যকর, গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১৮ কোটি মানুষের স্বার্থসংশ্লিষ্ট সাত দফা দাবিতে দেশব্যাপী লংমার্চ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা রুটের লংমার্চ কুষ্টিয়ায় এসে শেষ হবে। কর্মসূচি সফল করতে জেলা জামায়াতের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আব্দুল গফুর বলেন, প্রথমে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে সমাবেশ আয়োজনের জন্য আবেদন করা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্টেডিয়াম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। পরে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়।
তাঁর দাবি, জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনারের মৌখিক অনুমতির পরিপ্রেক্ষিতে জেলা স্কুল মাঠে সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। এ লক্ষ্যে পোস্টার, ব্যানার ও লিফলেটসহ প্রচার-প্রচারণার কাজও প্রায় শেষ করা হয়েছিল।
কিন্তু গত ২৬ অক্টোবর জেলা প্রশাসন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চিঠি পাঠিয়ে জেলা স্কুল মাঠের পরিবর্তে স্টেডিয়ামে সমাবেশ করার নির্দেশ দেয় বলে অভিযোগ করেন তিনি।
জামায়াত নেতারা এ সিদ্ধান্তকে পক্ষপাতমূলক ও হঠকারী উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অনুমতিপত্রের অনুলিপি অনুমোদিত ব্যক্তি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছে পাঠানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের দাবি, রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা ঘোষণা দেন, ভেন্যু নিয়ে জটিলতা থাকলেও সব বাধা উপেক্ষা করে আগামী ৩১ অক্টোবর কুষ্টিয়ায় লংমার্চের সমাপনী সমাবেশ সফল করা হবে। সাত দফা দাবির পক্ষে সাধারণ মানুষের সমর্থন তুলে ধরতে সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হক, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী সুজাউদ্দিন জোয়ার্দারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা।
মন্তব্য করুন