রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বনানী কাঁচাবাজার সংলগ্ন রোড নং-১২, বাসা নং-৪৪ এর ১১ তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভবনের ওপরের তলা থেকে হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়, যা দ্রুত আশপাশে আতঙ্ক ছড়িয়ে দেয়। খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্মিলিতভাবে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন