
বগুড়া শহরের শেরে বাংলা নগর এলাকায় ‘চৌধুরী ফার্মেসী’তে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভুয়া ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণা এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এই দণ্ড দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) নামের দুই ব্যক্তি শুধুমাত্র ডিএমএফ কোর্স সম্পন্ন করেই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে আসছিলেন। দীর্ঘদিন ধরে তারা এলাকার সাধারণ মানুষের কাছে ডাক্তার হিসেবে পরিচিতি দিয়ে রোগীদের বিভ্রান্ত ও প্রতারিত করছিলেন।
এছাড়া ফার্মেসিটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করায় এবং ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে।
অভিযানে র্যাব-১২ এবং জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।
মন্তব্য করুন