
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা ও কেক কাটা।
শুক্রবার (১৬ অক্টোবর) বগুড়া শহরের ম্যাক্স মোটেল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে বগুড়ার উন্নয়ন এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে লেখালেখি করতে হবে। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের কারণে বগুড়া উন্নয়নবৈষম্যের শিকার হয়েছে। ফলে এ অঞ্চল পিছিয়ে পড়েছে। এখন সময় এসেছে বগুড়ার সমস্যাগুলো চিহ্নিত করে সংবাদপত্রের পাতায় তুলে ধরার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান হলেও তিনি পুরো দেশের প্রধানমন্ত্রী। তাকে সারা দেশের উন্নয়নের বিষয়টি দেখতে হয়। তবে বগুড়ার উন্নয়নের ব্যাপারে তিনি আন্তরিক। সরকারের বয়স মাত্র আট মাস। এরই মধ্যে বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু হয়েছে এবং বিমানবন্দরের কাজ চলমান রয়েছে। বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজও শিগগির শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়াকে অনেক আগেই বিভাগ করা উচিত ছিল। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বগুড়া থেকে বিভাগ সরিয়ে রংপুরে নিয়ে গেছে। এখন বগুড়াকে বিভাগ করার দাবি জোরালো করতে হবে।
তিনি আরও বলেন, বগুড়ার ছিলিমপুরে অবস্থিত নার্সিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের চেষ্টা চলছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
দৈনিক কালবেলার বগুড়া ব্যুরো প্রধান প্রদীপ মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক ও কবি এইচ আলিম। স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া বিভাগের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মিলন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেরুল হাসান সুজন, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুর রউফ রুবেল এবং জাতীয় কবিতা মঞ্চের বগুড়া জেলা সভাপতি কবি ফাতেমা ইয়াসমিন।
এ সময় বগুড়ায় কর্মরত কালবেলার উপজেলা প্রতিনিধিদের মধ্যে মুনসুর রহমান তানসেন, এরশাদ আলী সানোয়ার, মাহমুদুল হাসান মনজু, আবদুর রাজ্জাক, রিমন আহম্মেদ বিকাশ ও রিয়াজ মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন