
প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের সুরক্ষায় ছোটবেলা থেকেই দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখা প্রয়োজন। বেশি করে গাছ লাগানোর পাশাপাশি নিজেদের বসবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দূষণ কমানোর বিষয়ে সচেতন হতে হবে। একই সঙ্গে গাছপালা ও বিভিন্ন প্রাণীর প্রতি যত্নশীল হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার ওপরও গুরুত্ব দেন তিনি। গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা ও বাদ্যযন্ত্র শেখার পাশাপাশি ক্বিরাত চর্চায় অংশ নেওয়ার জন্যও তাদের উৎসাহিত করেন।
তারেক রহমান বলেন, নিয়মিত খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, মনোযোগ এবং দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা তৈরি হয়।
এদিন রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন ছাত্রী ও আটজন শিক্ষক এবং সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫০ জন ছাত্রী ও চারজন শিক্ষক জাতীয় সংসদ ভবনে উপস্থিত ছিলেন। তেজগাঁও মহিলা কলেজের ৪৬ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের ৪৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষকও অনুষ্ঠানে অংশ নেন।
সফরের অংশ হিসেবে শিক্ষার্থী ও শিক্ষকরা জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান তারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, তার দেওয়া বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা তাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে। সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই সুযোগ তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন