
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে (ইসি) তার সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্ব স্বাধীনভাবে প্রয়োগের আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই নির্বাচন-সংক্রান্ত সিদ্ধান্ত, তফসিল ও সময়সূচি ঘোষণার ক্ষেত্রে কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে শামসুল আলমের নিয়োগের সমালোচনা করে তা পুনর্বিবেচনার দাবি জানান। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বহাল রাখা, রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার বিষয়ে বিধিনিষেধ আরোপ এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার দাবি জানান।
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক প্রভাব কমাতে মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক পদধারীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ সীমিত করারও আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন তাদের উত্থাপিত বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে শুনেছে এবং কয়েকটি বিষয়ে পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে।
মন্তব্য করুন