
রংপুরের তারাগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন।
এ সময় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি উপজেলা ভূমি অফিস চত্বরে স্থাপিত স্মার্ট সেবা বুথ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রার্থী এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান এবং সাধারণ মানুষের মধ্যে ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে বিশেষ ক্যাম্পেইনের আওতায় স্মার্ট ভূমি সেবা প্রদান করা হবে। এ লক্ষ্যে উপজেলা ভূমি অফিস চত্বরে বিশেষ ভূমি সেবা বুথ চালু করা হয়েছে, যেখানে সেবাপ্রার্থীরা দ্রুত ও সহজে বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।
মন্তব্য করুন