
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও অবৈধ উপায়ে পুরাতন টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের দায়ে একটি কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৮ জুন) উপজেলার আলমপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান ও জরিমানা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলমপুর ইউনিয়নের একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জনবসতিপূর্ণ এলাকায় বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পুরাতন টায়ার গলিয়ে অবৈধভাবে তেল উৎপাদন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা। আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান:
”অবৈধভাবে ও পরিবেশ আইন অমান্য করে টায়ার পুড়িয়ে তেল তৈরি করার অপরাধে সংশ্লিষ্ট কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জনস্বার্থে ও পরিবেশ রক্ষার্থে এই ধরনের অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই কারখানাটি চলায় এলাকায় কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধ ছড়াত। এতে আশপাশের মানুষের শ্বাসকষ্টসহ নানাবিধ স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। আজকের এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী এমন অবৈধ কারখানার বিরুদ্ধে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন