
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিশেষ মেডিকেল ক্যাম্প ২০২৬”। শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জকসু।
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও সময়, সচেতনতার অভাব কিংবা আর্থিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা ক্যাম্পাসে বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নিয়েছি।”
ক্যাম্পটিতে মোট আটটি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন। বিভাগগুলো হলো মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, চর্মরোগ, নাক-কান-গলা (ইএনটি), অর্থোপেডিক্স, চক্ষু ও মনোরোগ বিভাগ। শিক্ষার্থীরা এসব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।
এদিকে জকসুর এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরাও। সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও বেশি হওয়া উচিত। বিশেষ করে মনোরোগ, চর্মরোগ ও গাইনোকোলজি বিভাগের ডাক্তার থাকা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দিক। জকসু শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো নিয়ে কাজ করছে, এটা দেখে ভালো লাগছে।”
মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, “শুধু শিক্ষার্থীদের দাবি-দাওয়া নয়, স্বাস্থ্যসচেতনতা ও চিকিৎসাসেবা নিয়েও জকসুর কাজ করা একটি ভালো দৃষ্টান্ত। ক্যাম্পাসে এমন মেডিকেল ক্যাম্প আয়োজন করলে শিক্ষার্থীরা সহজেই প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ নিতে পারে। আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, আগামী রবিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে এই বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন