
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১জুন) দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকেই নিখোঁজ রয়েছেন জিসান। তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ কার্যক্রম রাত ৮টা ২৯ মিনিটে দেখা গেছে। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ এবং তার সঙ্গে দলীয় কর্মীসহ পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছেন না।
আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পায়নি বলে জানিয়েছেন। এ ঘটনায় জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাসেল বলেন, বৃহস্পতিবার (১১ জুন) রাতে বাড়িতে আসার কথা ছিল; কিন্তু এশারের নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাই। তার ফেসবুক ডি-অ্যাকটিভ করা হয়েছে। আমি থানায় ডায়েরি করেছি। প্রশাসন এখন পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারেনি।
দাউদকান্দি উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান বৃহস্পতিবার ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে এশার নামাজ পড়ে তার গ্রামের বাড়ি উপজেলার বীরবাগগোয়ালী যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি বাড়ি যাননি। আমরা প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী বলেন, জিসানের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। দ্রুত উদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তবে আপনারা নিউজ না করলেই তার জন্য ভালো হবে।
মন্তব্য করুন