নোয়াখালীর চাটখিল উপজেলায় স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বেসরকারি হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেবা প্রদানে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চাটখিল বাজার এলাকার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ছিল—মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ল্যাবের অস্বাস্থ্যকর পরিবেশ, প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থার অভাব এবং যোগ্য এমবিবিএস চিকিৎসকের পরিবর্তে ডিপ্লোমাধারী চিকিৎসকের মাধ্যমে ভর্তি রোগীদের চিকিৎসা প্রদান।
এসব অনিয়মের দায়ে ডাক্তার শাহাদাত হোসেন রতনের মালিকানাধীন ‘ডাক্তার রতন হাসপাতাল’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নবজাতক হাসপাতালকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে যথাক্রমে এক বছর এবং ১৫ দিনের কারাদণ্ডের বিধান থাকলেও, তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় কারাদণ্ড কার্যকর করা হয়নি।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শহিদুল আহমেদ নয়ন, এমওডিসি ডাক্তার আকবর হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। জনস্বার্থে এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
উপজেলা প্রশাসনও সতর্ক করে জানায়, স্বাস্থ্যসেবার নামে কোনো অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। নিয়মনীতি না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন