
বগুড়ার শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকায় গরুভর্তি ট্রাকে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শেরপুর থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, মৃত পাঁচটি গরু এবং জীবিত দুটি গরু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) ভুক্তভোগী ব্যবসায়ী জামাল উদ্দিন (৩৩) শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ হাট থেকে ১২টি গরু কিনে একটি ট্রাকে করে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। ট্রাকটি শেরপুর উপজেলার ছোনকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সামনে ব্যারিকেড সৃষ্টি করে।
এ সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গরুভর্তি ট্রাকটির কাচ ভেঙে ফেলে। পরে চালক, হেলপার ও গরু ব্যবসায়ীদের জিম্মি করে মারধর করা হয়। একপর্যায়ে ডাকাতরা ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শেরপুর থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ডাকাতির শিকার হওয়া গরুগুলোর মধ্যে পাঁচটি মৃত ও দুটি জীবিত গরু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন