
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে ধারণ করে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদুর রহমান জাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পল্লীর উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি আসাদুজ্জামান মানু চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, জামায়াতের সাবেক আমির বাবলুর রশীদ এবং পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল।
অনুষ্ঠানে গ্রামীণ জনপদে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা এবং সফল উপকারভোগীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। সুফলভোগীদের মধ্যে আনিসুর রহমান ও হরিলাল রায় তাদের প্রতিক্রিয়ায় জানান, এমন সহায়তা তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগীরা দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন