
ভারতীয় উগ্রবাদী আগ্রাসন এবং বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টা ২৫ মিনিটে ওয়ার্ল্ড মুসলিম মোহাজির রাইটস-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আব্দুল ওয়াহিদ, আমির আলী হাওলাদার এবং মোহাম্মদ নাজমুল হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর নির্যাতন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি তারা ফিলিস্তিনে চলমান নির্যাতন বন্ধ এবং মানবিক সহায়তা নিশ্চিত করারও আহ্বান জানান।
সমাবেশ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে ছিল—ভারতীয় আগ্রাসন বন্ধ, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর সহিংসতা ও হত্যাকাণ্ড বন্ধ, ভারতের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের দাবি, বাংলাদেশে রামমূর্তি বা কৃষ্ণমূর্তি নির্মাণের বিরোধিতা এবং ফিলিস্তিনে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ।
বিক্ষোভ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বব্যাপী মানবিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
মন্তব্য করুন