
নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. শাহাদাত (২৩) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের গুলিতে তিনি আহত হন। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে গুলি ছোড়ার প্রাথমিক কোনো আলামত পাওয়া যায়নি; স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শাহাদাত খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে।
শাহাদাতের বড় ভাই ও স্থানীয় যুবদল নেতা মো. হাবীব অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন অনিয়ম নিয়ে ফেসবুকে লেখালেখি করে আসছিলেন। এর জেরে তাদের দুই ভাইকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল।
তার দাবি, বৃহস্পতিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ ভূঞা ও রহিম হাজীর ইন্ধনে কয়েকজন যুবলীগ কর্মী শাহাদাতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে জাবেদ, মোরশেদ, মাসুম ও রিয়াদের নেতৃত্বে শাহাদাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার তলপেট ও উরুতে ২৬টি ছররা গুলি লাগে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মফিজ ভূঞা ও রহিম হাজীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, বিকেলে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে অভিভাবকেরা দুই পক্ষ হয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি বলেন, শাহাদাতের পরিবার গুলিতে আহত হওয়ার অভিযোগ করলেও ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে গুলি ছোড়ার কোনো আলামত পায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন