
জেলার তিলেকপুর ইউনিয়নের ফতেহপুর বাজারে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) বিকেল আনুমানিক ৬টার দিকে ফতেহপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শেষ মুহূর্তে একটি গোলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত প্রেস ডেক্স বিডির বিভাগীয় ইনচার্জ সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সেটি ভাঙচুরেরও চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, পেশাগত দায়িত্ব পালনকালে সংঘর্ষের ঘটনা ধারণ করাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু কিছু ব্যক্তি সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করে এবং পরে ধারণকৃত ভিডিও ও সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ইউনিয়নের ২, ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়, সমর্থক ও বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলা, সংবাদ সংগ্রহে বাধা এবং সংবাদ প্রকাশে হুমকি প্রদান গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে মনে করছেন সচেতন মহল। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় প্রমাণাদি সংরক্ষণ করা হয়েছে এবং আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন