
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ গ্রাহকেরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের প্রধান সড়কে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’-এর যৌথ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে কয়েকশ নারী ও পুরুষ ফেস্টুন এবং প্লাকার্ড হাতে অংশ নেন।
ব্যাংকটির প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সবুর, মাওলানা মনিরুল ইসলাম ফারুকি ও আবু তালেবসহ স্থানীয় গ্রাহক নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের জোর দাবি জানান। একই সাথে গ্রাহক ফোরামের পক্ষ থেকে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে স্বপদে পুনর্বহাল এবং বিতর্কিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তোলা হয়। মানববন্ধন থেকে বক্তারা এস আলম গ্রুপ কর্তৃক ব্যাংক থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে ইসলামী ব্যাংকের গৌরবময় ঐতিহ্য ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন