
নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) সকাল ৬টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তহোরুল ইসলাম শোভাপুর গ্রামের মৃত রোবু মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন সোয়া মিল চালক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত তহোরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তহোরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এলাকায়ও বিরাজ করছে গভীর শোক ও বিষাদের আবহ।
মন্তব্য করুন