
লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ও সাপ্টিবাড়ী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পারভেজ খান।
জানা গেছে, তিস্তা ও সাপ্টিবাড়ী গরুর হাটে সরকার নির্ধারিত হারে ইজারা আদায়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত ইজারা আদায় থেকে বিরত থাকতে হাট ইজারাদারদের সতর্ক করা হয়েছে।
এছাড়া তিস্তা এলাকার কয়েকটি খাবারের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। তিনটি রেস্তোরাঁয় ওজনযন্ত্রে প্রতারণা, খাবারে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার এবং মিষ্টান্ন দ্রব্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অভিযোগে দণ্ডবিধি-১৮৬০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মামলা দিয়ে অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর খাবার ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অন্যদিকে, আসন্ন ঈদকে সামনে রেখে তিস্তা বাসস্ট্যান্ড এলাকার বাস কাউন্টারগুলোতেও অভিযান পরিচালনা করা হয়। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য কাউন্টার ম্যানেজারদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন