
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র গ্যারেজে দীর্ঘদিন ধরে সাইকেল, হেলমেট ও মোটরসাইকেলের তেল চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদনও দিয়েছে সংগঠনটি।
রোববার (১৮ মে) জকসুর কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল্লাহ আল ফারুক উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে গ্যারেজ এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার, অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ এবং সিসিটিভি মনিটরিং কার্যকর করার দাবি জানান।
এসময় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে মাত্র একটি গ্যারেজ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত সাইকেল, হেলমেটসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছে। শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছে। বারবার অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান পাওয়া যায়নি।”
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, গ্যারেজ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও কার্যকর তদারকির অভাবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, প্রশাসন ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, “গ্যারেজের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। আজকের মিটিংয়েই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
জকসুর কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, “উপাচার্য স্যার আমাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা আশা করছি খুব শিগগিরই প্রশাসন গ্যারেজের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।”
মন্তব্য করুন