
“সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নেন। এদিন ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প ইভেন্টের মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নিয়োগ কমিটি দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন করে। এ সময় নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিকভাবে তদারকি করেন।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আনাম, বিপিএম-সেবা।
এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার (সুপারনিউমারারি) শারমিন আক্তার এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এমটি অ্যান্ড ওয়ার্কশপ) ইমরান রহমান।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, টিআরসি পদে নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। যারা নিয়োগের জন্য নির্বাচিত হবেন, তাঁরা নিজ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ পাবেন। এ জন্য প্রার্থী ও তাঁদের অভিভাবকদের কোনো ধরনের প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোছাঃ রেশমা খাতুন এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ সাজ্জাদ বিন আজাদ সিজানসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন