
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় দূরপাল্লার একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মনিকা মালি (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির পরিবারসহ স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে লালমনিরহাটের কুলারঘাট থেকে কাঁঠালবাড়ি বিদ্যা কানন সংলগ্ন সড়ক দিয়ে একটি ব্যাটারিচালিত অটোবাইক গন্তব্যের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী দূরপাল্লার ‘পিংকি বাচ্চু’ নামের একটি বাস অটোবাইকটিকে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের পর বাসটি ঘটনাস্থলে না থেমে দ্রুত পালিয়ে যায়। এতে অটোবাইকে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় কাঁঠালবাড়ি এলাকার মোজাম্মেলের ৬ বছরের কন্যা শিশু মনিকা মালিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
তবে রংপুরে নেওয়ার প্রস্তুতির মধ্যেই কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দুর্ঘটনায় মুক্তারাম গ্রামের বাসিন্দা শ্রী দুলাল বিশ্বাস ও শ্রী আড়ন্তী বিশ্বাসের ছেলে শ্রী আঙ্গুর বিশ্বাস (৩০), তার স্ত্রী শ্রী আদরি এবং তাদের ৫ বছরের শিশুপুত্র শ্রী মনি বিশ্বাসসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সেটিকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত শিশু মনিকার পরিবারে নেমে এসেছে শোকের মাতম। পাশাপাশি পুরো ইউনিয়নজুড়েও বিরাজ করছে শোক ও ক্ষোভের আবহ।
মন্তব্য করুন