
বগুড়ার ধুনটে শ্রমিক দল নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় মো. ফজলে খোদা বাবলু (৫১) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলে খোদা বাবলু উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের মো. আবুল হোসেন আকন্দের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এলাঙ্গী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক এবং দলের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির নেতাকর্মীরা কর্মীসভা করছিলেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালান এবং বিএনপির কার্যালয় ভাঙচুর করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় ফজলে খোদা বাবলুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।
ধুনট থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ফজলে খোদা বাবলুকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন