কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নে একটি সরকারি সড়কের ইটের সলিং অবৈধভাবে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার খয়রাবাদ গ্রামের “বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সড়ক” এর প্রায় ১০-১২ ফুট অংশের ইট তুলে ফেলায় বর্তমানে ওই এলাকায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গত ৩০ মার্চ সংঘটিত এই ঘটনার প্রতিকার চেয়ে গত ৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ‘খয়রাবাদ আদর্শ সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান।
ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২০২৫ সালের শেষের দিকে সরকারি বরাদ্দে সড়কটির প্রায় ৩৫০ মিটার অংশে ইটের সলিং করা হয়েছিল। এই সড়কটি খয়রাবাদ দারুস সালাম মাদ্রাসা হয়ে পার্শ্ববর্তী এলাহাবাদ ইউনিয়ন ও চান্দিনা মেইন রোডের সাথে যুক্ত হয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ, শিক্ষার্থী এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই পথে যাতায়াত করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, খয়রাবাদ দোনাগাজী বাড়ির মৃত ফজলুল হকের ছেলে গাজী বিল্লাল হোসাইন ও তার সহযোগীরা প্রকাশ্যে রাস্তার ইট তুলে ফেলেন। অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ সরাসরি প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
জনদুর্ভোগের চিত্র সরেজমিনে দেখা যায়, রাস্তার গুরুত্বপূর্ণ অংশ থেকে ইট সরিয়ে ফেলায় অটোরিকশা, সিএনজি ও পণ্যবাহী ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “রাস্তাটি আমাদের যাতায়াতের প্রধান মাধ্যম। সরকারি সম্পদ এভাবে নষ্ট করায় আমরা এখন কাদামাটি আর গর্তের মধ্যে দিয়ে চলাচল করছি।”
কর্তৃপক্ষের বক্তব্য অভিযোগের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছেন আবেদনকারীরা। তবে অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও প্রদান করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সরকারি রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করে তোলা হোক। বিষয়টি নিয়ে দেবিদ্বার থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও ফৌজদারি মামলা থাকার পরেও অভিযুক্তদের দৌরাত্ম্য না কমায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন