
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, শুক্রবার (১৪ আগস্ট) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। সেখানে ঢাকার বিভিন্ন এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচি ও ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন