
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরায় নিজ বাসার বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাইমা সুলতানা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরে শহীদ নাইমা সুলতানার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
ডা. শফিকুর রহমানের আগমনের খবর পেয়ে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ সেখানে জড়ো হন। পরে উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
বক্তব্যে জামায়াত আমীর বলেন, তিনি নিজে বিভিন্ন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নাইমা সুলতানার পরিবার তাঁর কাছাকাছি এলাকায় বসবাস করলেও এতদিন পর তাদের সঙ্গে দেখা করতে আসতে পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি শহীদ পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শহীদদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার আশ্বাস দেন।
তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ উত্তর থানা আমীর আলী হোসাইন মুরাদ, অধ্যক্ষ আশরাফুল হক, ইসরাফিল হোসেন, কামরুল হাসান, ফিরোজ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন