
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ায় পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা ও নানা ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনার মধ্য দিয়ে জন্মাষ্টমীর কর্মসূচি শুরু হয়।
বিকেল ৫টায় শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশু অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার সার্বজনীন পূজা মন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় শিশুদের অনেককেই ভগবান শ্রীকৃষ্ণের সাজে দেখা যায়। আবার কেউ কেউ কংসের বেশে অংশ নেয়। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রায় সৃষ্টি হয় উৎসবের আবহ।
শোভাযাত্রায় অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বীরা বলেন, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্মতিথির স্মরণেই প্রতিবছর জন্মাষ্টমী উদযাপন করা হয়।
তারা আরও বলেন, বর্তমান সমাজে অন্যায়, অত্যাচার ও অশান্তি বেড়ে চলেছে। জন্মাষ্টমীর এই দিনে তাদের প্রার্থনা, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে সমাজ থেকে অন্যায় ও অশুভ শক্তির অবসান ঘটুক এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক।
জন্মাষ্টমী উপলক্ষে কুষ্টিয়ার বিভিন্ন মন্দিরে দিনব্যাপী ধর্মীয় আয়োজন ও কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।
মন্তব্য করুন