
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বান্দরবানে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোয়াংছড়ি থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বুধবার (১৯ আগস্ট) রোয়াংছড়ি উপজেলা সদরে আয়োজিত র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে রোয়াংছড়ি থানা অফিসার্স ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে।
তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দিতে হবে।
মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদককে না বলে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন