
বগুড়া-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক নারী যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ১ হাজার অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে শম্ভু ডাল মিলসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন মোছা. রিতা খাতুন ওরফে নুপুর (৩৭)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার জুবলি বাগান এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ থেকে বগুড়াগামী নুর পরিবহনের (রেজি. নং: ঢাকা মেট্রো-জ-১১-২৮৮৭) একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বাসের সি-৪ আসনে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা ওই নারী যাত্রীর দেহ ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে চারটি কালো পলিথিনে মোড়ানো CUPIGESIC লেবেলযুক্ত বুপ্রেনরফাইন ইনজেকশনের মোট ১ হাজার অ্যাম্পুল উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ২ হাজার মিলিলিটার (২ লিটার) ইনজেকশন ছিল।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি Walton Primo R8 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম কার্ডও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৩(খ) ও ২৬(১) ধারায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া সরকার ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন