
বগুড়ার নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নিজের কাঁধে ঢোল, হাতে কোদাল ও মশা নিধনের ফগার মেশিনে কীটনাশক নিয়ে মাঠে নেমেছেন সংসদ সদস্য। একইসঙ্গে সচেতনতা বাড়ানোর প্রচারণা চালাচ্ছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) নন্দীগ্রাম পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সরকারি বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছে।
উদ্বোধনী কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার (পৌরসভা প্রশাসক) শারমিন আরা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার ওসি তারিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌরসভার সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, পৌরসভার নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, গোলাম রব্বানীসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ, শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া উপকরণ ও পৌরসভার দামগাড়া মহল্লার আরসিসি রাস্তা উদ্বোধন করেন সংসদ সদস্য মোশারফ হোসেন।
মন্তব্য করুন