
বগুড়ার ধুনটে বিএনপি নেতার দায়ের করা গাড়ি ভাঙচুর মামলায় আশরাফুল কবির রানা (৫২) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশরাফুল কবির রানা ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে ধুনট শহরের কলাপট্টি এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতভাবে গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা চালায়। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে থাকা আওয়ামী লীগ নেতা আশরাফুল কবির রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে আশরাফুল কবির রানাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন